গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৬ PM
মো: এমদাদুল হক চৌধুরী ০৬ অক্টোবর ২০২৬ তারিখ হতে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৮তম ব্যাচের সদস্য। তিনি ০৪ ডিসেম্বর ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন, তার নিজ জেলা ফেনী। গত ২৫ জানুয়ারি ১৯৯৯ সালে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রিতে ১৯৯১ সালে বি.এসসি. এবং ১৯৯২ সালে এম.এসসি. ডিগ্রি অর্জন করেন; উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি লাভ করেন। পরবর্তীতে ২০০৭ সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসন ও উন্নয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি মাঠ প্রশাসন ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি মেহেরপুরে সহকারী কমিশনার, শেরপুরের ঝিনাইগাতীতে সহকারী কমিশনার (ভূমি), নরসিংদীতে সিনিয়র সহকারী কমিশনার, কুমিল্লার নাঙ্গলকোট ও চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা নির্বাহী অফিসার, কিশোরগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক ও উপপরিচালক স্থানীয় সরকার এবং পরবর্তীতে নড়াইল জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, স্থানীয় সরকার বিভাগসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ও মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। গত ০৫ জুন ২০২০ সালে যুগ্মসচিব এবং ২২ এপ্রিল ২০২৪ সালে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করেন। পরবর্তীতে ০৫ মে ২০২৪ থেকে ০৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
কর্মজীবনে তিনি দেশে ও বিদেশে বিভিন্ন উচ্চতর ও পেশাগত প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি অস্ট্রেলিয়া, চীন, ভারত, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে পেশাগত ও দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন কোর্সে অংশ নেন। এর মধ্যে Monash University, University of Queensland, Macquarie University, The Hague Academy for Local Governance এবং Emory University-এ অনুষ্ঠিত কোর্স উল্লেখযোগ্য।
ব্যক্তিগত জীবনে তার স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। মো: এমদাদুল হক চৌধুরী একজন অভিজ্ঞ ও পেশাদার সরকারি কর্মকর্তা।